সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তৃণমূল রাজনীতিতে বইছে জোরালো নির্বাচনী হাওয়া। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার সর্বস্তরের মানুষের এখন প্রধান দাবি আগামী দিনে একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তি যেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এই দৌড়ে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে এখন তুমুল আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।
ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নেমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন এই পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। উপজেলার বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত কুশল বিনিময় এবং দোয়া প্রার্থনা করছেন তিনি।
নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী হওয়ার বিষয়ে এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, আমি ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে সাধারণ মানুষের ভালোবাসায় ৭৮ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলাম। এবার আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বড় চমক দেখাবো ইনশাআল্লাহ। আমি সবসময়ই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। করোনাকালীন সংকটের সময়ে কোনো জনপ্রতিনিধি না হয়েও একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন, অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আগামীতে সোনারগাঁয়ের অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে এবং এই অঞ্চলকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করি।
এদিকে মাঠপর্যায়ে তাঁর এই প্রার্থী হওয়ার ঘোষণায় ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জামপুর ইউনিয়নের বাসিন্দা আয়নাল হোসেন বলেন, এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া একজন প্রতিবাদী ও পরোপকারী মানুষ। এলাকার যেকোনো সংকটে তাঁকে পাশে পাওয়া যায়। সোনারগাঁ উপজেলাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর মতো সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমরা আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ।
স্থানীয়রা জানান, বিগত দিনে মানুষের সেবায় নিয়োজিত থাকায় এবং করোনাকালীন মানবিক ভূমিকার কারণে উপজেলার সাধারণ ভোটারদের মাঝে এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার একটি নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এখন তাঁকে ঘিরেই নতুন স্বপ্ন দেখছেন।