সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। আজ শনিবার (১১ জুলাই) এ প্রতিযোগিতার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এই গৌরব অর্জন করেছেন। এর আগে বি আর বিলকিস পেশাগত জীবনে ধারাবাহিক সাফল্যের পরিচয় দিয়ে ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, আটবার নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং চারবার ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার এই অর্জনে সোনারগাঁর শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
আগামী ১৫ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের পদক তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক বি আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে আজ এই অনন্য অবস্থানে নিয়ে এসেছে। এই সাফল্যের জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।