নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীসহ সারা দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে বর্তমান বিএনপি সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন নৈরাজ্য চালানো সম্ভব নয়; তাই এর দায়ভার সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। অথচ সরকার এসব অপরাধ দমনে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
পরিসংখ্যান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, বিগত কয়েক দিনে দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গণপরিবহনসহ একাধিক স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। তা সত্ত্বেও দেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ এবং ফরিদপুরে বাসে আগুনে পুড়িয়ে চালককে হত্যার মতো নির্মম ঘটনাগুলোকে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনার সঙ্গে তুলনা করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না করা এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় কাঙ্ক্ষিত সংস্কার না আনার কারণেই পতিত আওয়ামী চক্রান্তকারীরা আজ এমন নাশকতা চালানোর দুঃসাহস পাচ্ছে।”
তিনি আরও বলেন, এক দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের গঠনমূলক সমালোচনা করছে এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। কিন্তু সরকার সেগুলোতে কর্ণপাত না করে উল্টো দেশের অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের জোরালো দাবি জানানো হয়। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে জামায়াত রাজপথে নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য চরম উভয়সংকট তৈরি করবে।