সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) রাতে মহাসড়কের সোনারগাঁয়ের বিভিন্ন পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এতে সোনারগাঁও উপজেলা ও পৌর যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাতের এই কর্মসূচিতে নেতাকর্মীরা মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও অধিকার রক্ষায় যুবদল রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত আছেন বলেও তাঁরা উল্লেখ করেন।