সোনারগাঁও প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে গাড়িটির ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্নে এ ঘটনা ঘটানো হয়েছে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর অংশে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিককে একাধিক ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।