নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় দলটির স্থানীয় শীর্ষ নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক মামলা দুটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে দায়ের করা হয়। সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে মামলাটি করেন। এরপর শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে থানার আরেক এসআই হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।
দুটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয়ে প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা বাস ও ট্রাকে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করছিলেন।
এসআই শামীম রেজা বাদী হয়ে করা প্রথম মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহসভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।
অন্যদিকে, এসআই হারুন মিয়া বাদী হয়ে করা দ্বিতীয় মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস কে সজিব ও মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
জানতে চাইলে সোনারগাঁও থানার ওসি আবদুল বারিক প্রথম আলোকে বলেন, নাশকতা ও যানবাহনে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি রুজু করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।