নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭০ জনকে একটি মাছ ধরার ট্রলারে তুলে সাত দিন ধরে মাঝসাগরে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্র। মুক্তিপণের দাবিতে চালানো হয় শারীরিক নির্যাতন, এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত দালাল চক্রের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ১টি শিশু রয়েছে। তাঁদের মধ্যে ৬ জন রোহিঙ্গা। তবে ট্রলারটি সৈকতে ভেড়ার পরপরই পাচারকারী চক্রের সদস্য ও মাঝিমাল্লারা পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে লাবণী পয়েন্ট সংলগ্ন সৈকতে একটি ট্রলার আটকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর টেকনাফের মিঠাপানির ছড়া নৌঘাটসহ বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৭০-৭২ জনকে ট্রলারে তোলা হয়। তাঁদের মধ্যে কেউ মালয়েশিয়া যাওয়ার আশায় উঠেছিলেন, আবার কাউকে কাজের প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তোলা হয়েছিল।
চকরিয়ার বাসিন্দা রাজমিস্ত্রি আক্তার জানান, ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে তাঁকে ট্রলারে তোলা হয়। তিনি বলেন, ‘মাঝসাগরে নিয়ে আমাদের মুঠোফোন ও পরিচয়পত্র কেড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারায় আমাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ দেওয়া হয়। একপর্যায়ে ওদের মধ্যে হইচই শুরু হলে আমাদের ৬-৭ জনকে লাথি মেরে মাঝসাগরে ফেলে দেয় তারা।’
আরেক ভুক্তভোগী টেকনাফের হেলাল উদ্দিন বলেন, ট্রলারে থাকা প্রায় ৭০ জনকে মাছ রাখার হিমাগারের (কোল্ড স্টোরেজ) ভেতরে আটকে রাখা হতো এবং ঠিকমতো খাবার দেওয়া হতো না। বিমান অবতরণের দৃশ্য দেখে উপকূল কাছে বুঝতে পেরে তাঁরা ট্রলার চালিয়ে কূলে চলে আসেন।
উদ্ধার হওয়া টেকনাফের কচুবনিয়া এলাকার মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রলারে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন। সাত দিন সাগরে ভাসার পর দালালদের নিজেদের মধ্যে মারামারি শুরু হলে কেউ স্পিডবোট নিয়ে পালিয়ে যান, কেউ সাগরে ঝাঁপ দেন। পরে ট্রলারটি লাবণী পয়েন্টে এসে আটকে গেলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই কক্সবাজার ও টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মানবপাচারের তৎপরতা বাড়ে। এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে ৫৬ জনকে উদ্ধার ও ছয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভিযানে সন্ত্রাসীদের গুলিতে তিতাস শেখ নামের এক সেনাসদস্য নিহত হন।