নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ মামলার জেরে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ধারণ করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে একদল অস্ত্রধারীকে হামলা ও ভাঙচুর চালাতে দেখে তিনি নিজের মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তার মেরুদণ্ডের নিচে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে স্থানীয় কৃষক দল নেতা জুয়েল আরমান তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলেন। ওই ঘটনায় দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
মামলাটিতে জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন পাওয়ার পরপরই সে চায়ের দোকানে বসে থাকা মামলার বাদী জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রাতে জুয়েল আরমান দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিশোধ নিতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সে সময় পাশের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে হত্যা করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন জানান, হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িত আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।