সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর স্ত্রীকে (২১) জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও গর্ভপাতের জন্য চাপের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ প্রতিকার ও বিচার চেয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে একই দিন সোনারগাঁও থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন-সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) এবং একই এলাকার আসলাম ফকিরের ছেলে মো. ইব্রাহিম খলিল (৩০)।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘ দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা তাকে প্রায়ই উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৫ জানুয়ারি রাত আনুমানিক সাড় ১১টার দিকে অভিযুক্ত দুজন পূর্বপরিকল্পিতভাবে ওই নারীর ঘরে ঢোকেন। এরপর ইব্রাহিম খলিলের সহায়তায় ইয়ামিন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই মুহূর্তের দৃশ্য ইব্রাহিম তার মোবাইল ফোনে ভিডিও করে রাখেন।
পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিয়ের ভুয়া প্রলোভন দেখিয়ে গত ৮ মাস ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন ইয়ামিন। বর্তমানে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা তাকে গর্ভপাত ঘটানোর জন্য চরম চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় তাকে শারীরিক নির্যাতন এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, আমি তিন সন্তান নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে।