ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ডিমবাহী ট্রাক উল্টে সড়কে পড়া ডিম কুড়ানোর সময় দ্রুতগতির একটি বাস তাদের পিষে দেয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ছয়টি বাস-ট্রাকে আগুন দেয়, মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলালউদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহতরা হলেন-ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২) এবং হাফিজুর (৫০)। এ ছাড়া গুরুতর আহত সেতু মাতব্বর নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী 'নড়াইল এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটকে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তী সময়ে আরও তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।