নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত ও একপাক্ষিক’ বলে দাবি করেছেন।
গতকাল বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নবনিযুক্ত মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর ভয়াবহ প্রতারণা-জালিয়াতি শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের অভিযোগ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভীর দীর্ঘদিনের সততা, সুনাম ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র।
বিবৃতিতে আরও বলা হয়, বস্তুনিষ্ঠতা পরিহার করে কেবল ব্যক্তি চরিত্রহনন ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে, যা অপসাংবাদিকতার শামিল। এ ধরনের প্রবণতা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। স্বাধীন সাংবাদিকতার নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের নামে কারও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক মর্যাদা বিনষ্ট করার অধিকার কারও নেই।
শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের ওলামা সমাজ, শিক্ষক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।