নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার সোনাখালী ও প্রতাবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৬০০ ফুট গ্যাস পাইপলাইন ও চারটি বার্নার জব্দ করে ধ্বংস করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে অভিযানটি সম্পন্ন হয়।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
এ প্রেক্ষাপটেই মঙ্গলবার সোনাখালী ও প্রতাবনগর এলাকার চারটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।