নিজস্ব প্রতিবেদক : প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জনপরিসরে নতুন করে সহিংসতার আতঙ্ক ফিরে আসছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবেই এসব ঘটনাকে দেখছে সরকার।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেবল রাজধানী ঢাকাতেই ২৪ ঘণ্টায় ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ এবং ৭টি স্থানে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই নাশকতার ঘটনায় মঙ্গলবার রাজধানীতে মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছয় দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই জাদুঘর, আনসার সদর দপ্তর, বিভিন্ন থানা, সিআইডি অফিস, আদালত প্রাঙ্গণ এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দুই জন পুলিশ সদস্য ও এক প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গত সোমবার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বত্তদের দেওয়া আগুনে বাসের চালক কালাচাঁন অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান।
রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখা স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামন বলেন, চোখের সামনে প্রথমবার ককটেল বিস্ফোরণ দেখলাম। এরপর থেকে রাতে বাইরে বের হতে ভয় করে।
স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় অভিভাবক মহলেও তীব্র ভীতি কাজ করছে। ভাটারার ১০০ ফুট সড়কে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড ক্যাম্পাসের পার্কিং করা বাসে গান পাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনার পর, রাজধানীর অনেক স্কুলেই শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক আবু বাকার সিদ্দীক বলেন, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় নিরাপত্তাজনিত কারণে সন্তানকে স্কুলে পাঠাইনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যানরত এক শিক্ষার্থী নুসরাত জাহান সুমাইয়া বলেন, আমরা সবসময় ভাবতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় মনে হচ্ছে আমরা কোথাও নিরাপদ নই।
যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন খাতও চরম উদ্বেগের মধ্যে রয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা বেশি ঘটছে। তাই মালিকদের গাড়িগুলোর জন্য নৈশপ্রহরী রাখার এবং পুলিশি টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খানও এই নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও মহানগর কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন আইজিপি আলী হোসেন ফকির। বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতাদের ওপর নজরদারি বাড়ানো, ককটেলের উৎস বন্ধ করা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ বলেন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ে নিয়মিত নির্দেশনাই দেওয়া হয়েছে। অপরদিকে, সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে এসে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, মাফিয়া দলটি তাদের প্রচুর ফান্ড ব্যবহার করে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে সাধারণ মানুষের মধ্যে এটি ব্যাপক আতঙ্ক তৈরি করতে পারেনি।
পুলিশ জানিয়েছে, এসব চোরাগুপ্তা ও ঝটিকা হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভাঙবে না। নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।