নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের বিশ্বের ৫০০ জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বার্ষিক প্রকাশনায় এটি তাঁর প্রথম অন্তর্ভুক্তি।
জর্ডানভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (RISSC) কর্তৃক সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। প্রকাশনাটিতে তাঁকে ‘রাজনৈতিক’ (Political) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তে তারেক রহমানকে একজন প্রথিতযশা বাংলাদেশি রাজনীতিবিদ, বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, লন্ডনে ১৭ বছরের নির্বাসন জীবন এবং পরবর্তীতে স্বদেশে প্রত্যাবর্তন করে দলকে নেতৃত্ব দিয়ে সফলতার সঙ্গে সরকার গঠনে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
তারেক রহমান ছাড়াও বাংলাদেশের আরও দুই কৃতি নারী ব্যক্তিত্ব এই তালিকায় স্থান পেয়েছেন। ‘সামাজিক ইস্যু’ (Social Issues) বিভাগে স্থান পাওয়া এই দুই নারী হলেন স্বনামধন্য মানবাধিকার কর্মী ও ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবী রাজিয়া সুলতানা।
উল্লেখ্য, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম নাগরিকের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বদের মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়। এর মধ্যে শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয় এবং বাকি ৪৫০ জনকে ১৩টি পৃথক ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়।