মুহাম্মদ আল আমিন (এমএ) : প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, পাকিস্তানের দারুল উলুম করাচির প্রধান মুফতি এবং আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সদস্য শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তাঁর এ সফরে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় ও আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এর আগে মুফতি তাকী উসমানীর সফরসূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। প্রথমে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্মতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় গত ৬ নভেম্বর কর্মসূচির সংখ্যা কমিয়ে চূড়ান্ত সূচি অনুমোদন করা হয়। এ কারণে সফরের আগের পরিকল্পনায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও বাদ দেওয়া হয়েছে।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ মাগরিব বা এশার নামাজের পর শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন তিনি।
২৩ নভেম্বর বাদ এশা জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ধূপখোলা মাঠে ৭০ সালা দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন। পরদিন ২৪ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কর্মসূচি রয়েছে।
২৫ নভেম্বর দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতির পর বাদ এশা সিলেটের আলিয়া মাঠে ওলামা সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
২৬ নভেম্বর বাদ মাগরিব বেফাক ও হাইয়া আয়োজিত ওলামা সম্মেলনে যোগ দেবেন মুফতি তাকী উসমানী। ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ মুসল্লিদের উদ্দেশে বয়ান করবেন তিনি। একই দিন বাদ এশা কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেবেন।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদ্রাসায় দরসে বুখারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাত দিনের সফর শেষে ওই দিনই তাঁর পাকিস্তানের করাচিতে ফিরে যাওয়ার কথা রয়েছে।