নিজস্ব প্রতিবেদক: অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ সরকার। ৩৯ বছর বয়সী এই আসামির বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জ জেলা এ তথ্য জানিয়েছে।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী নূর কামাল আজাদ নারায়ণগঞ্জের টানবাজারের আমিন মার্কেটে ‘এআর ট্রেডিং’ নামে ব্যবসা করেন। গত ২ মে রাতে বি. কামাল খান পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের প্রস্তাব দেন। বিনিয়োগে ভালো মুনাফার প্রলোভন দেখানো হয়।
এরপর ১০ মে ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন নূর কামাল আজাদ। পরদিন অ্যাকাউন্টে ২৩ হাজার টাকা লাভ দেখানো হয়। এতে উৎসাহিত হয়ে ১০ থেকে ২৪ মে পর্যন্ত কয়েক দফায় বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১০ লাখ ৮০ হাজার ৭০০ টাকা পাঠান তিনি। পরে টাকা ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পিবিআই জানায়, এর আগে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত ২১ নভেম্বর র্যাব-১২ ও কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জে এনে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপে সাধারণ মানুষকে টার্গেট করে ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভন দেখাত একটি সংঘবদ্ধ চক্র। বিনিয়োগের নামে হাতিয়ে নেওয়া অর্থ দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠানো হতো।
চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।