রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে গুরুতর আহত মাদ্রাসাছাত্র ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত ইয়াছিন রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
নিহতের দুলাভাই মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে মামুন, রিয়াদ ও শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান।
হামলাকারীরা ইয়াছিনকে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে চাচা মামুন ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা ইয়াছিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় আগে করা অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছিল। ইয়াছিনের মৃত্যুর ঘটনায় এখন হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।