সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আইয়ুব হোসেন (৩৫) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মাস্টারপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০) এবং সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার মো. জামির হোসেন (৫৭)। শাহিনুর কাঁচপুর উত্তরপাড়ার আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর জালালাবাদ ওষুধ ফ্যাক্টরির পেছনের পরিত্যক্ত একটি ভাঙাড়ি গোডাউনের পাশের ডোবা থেকে প্লাস্টিকের মুখবাঁধা বস্তাবন্দী অবস্থায় রক্তভেজা মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানা-পুলিশ। পরবর্তীতে নিহত আইয়ুব হোসেনের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, স্থানীয় জামির হোসেনসহ কয়েকজন মিলে আইয়ুব হোসেনকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১০টি ইয়াবা ট্যাবলেট ও কিছু নগদ টাকার লোভে শাহিনুরকে দিয়ে আইয়ুবকে একটি ভাঙাড়ির দোকানে ডেকে নেওয়া হয়। সেখানেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে বস্তায় ভরে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে শাহিনুর ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।