গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসভবন, দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, রোববার (গতকাল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার অন্তত ১০টি স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী নেতাকর্মীদের ভাষ্যমতে, রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিল শেষে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে অপর একটি মিছিল থেকে পাটগাতী বাজারে অবস্থিত যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেল ৪টার দিকে শ্রীরামকান্দি এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয় এবং একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, রাত ৮টার দিকে পাটগাতী বাজারে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এর আধা ঘণ্টা পর, রাত সাড়ে ৮টার দিকে পাটগাতী মধ্যপাড়া গ্রামে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। সর্বশেষ রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে শনিবার বিকেলেও বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর এবং রাতে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছিলেন স্থানীয় নেতারা।
এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। শুধুমাত্র বিএনপি করার কারণে আমাদের বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ঘটনার বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী রাতে জানান, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।