নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালে যেভাবে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করেছিল, এবারও একইভাবে জনগণ তাদের উচিত জবাব দেবে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু একটি মহল সরকারের এসব উদ্যোগ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তারা উন্নয়ন ও কর্মসংস্থানের পরিবেশ নষ্ট করতে চায়।
তিনি বলেন, ‘আমরা সকল শক্তি নিয়ে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমিক ভাই-বোনদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াব। ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের মানুষ তাদের উচিত জবাব দিয়েছিল, সামনের দিনেও একইভাবে তাদের উচিত জবাব দেওয়া হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এখন সময় দেশ গঠনের, মানুষের ভাগ্যের পরিবর্তনের। ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবেই দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সে জন্য সাধারণ মানুষ ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছরে যারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বর্তমানে তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি দেশের মিল-কারখানাগুলো ধ্বংস করার অপচেষ্টাও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পকারখানাগুলো শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এগুলো দেশের মানুষের সম্পদ, শ্রমিকদের জীবিকার অবলম্বন। এসব কারখানা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন খেটে খাওয়া মানুষ ও শ্রমিক পরিবারগুলো। বিশেষ করে শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়বে।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের মানুষ, শ্রমজীবী জনগোষ্ঠী ও শ্রমিক ভাই-বোনদের সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের আরও ভালো রাখার লক্ষ্যেই সরকার মজুরি-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান, শিল্পের প্রসার এবং ব্যবসা-বাণিজ্য জোরদারে দিনরাত কাজ করছে। বিএনপি নির্বাচনের আগে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি শিল্পকারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিল।
তিনি বলেন, সরকার সারাদেশে বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করা হবে। সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ও যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
তারেক রহমান বলেন, একসময় খুলনা ছিল দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। কিন্তু নানা কারণে এ অঞ্চলের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। সরকার খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত নতুন নতুন শিল্পকারখানা গড়ে তুলতে চায়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কাটাখালীতে পথসভা শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।