সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঘরে ঘুমিয়ে ছিল ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে মামি সোনিয়া আক্তার তার ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে আফরিনকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৪৯ দিন লড়াই করে শেষ পর্যন্ত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে মারা গেছে আফরিন।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। কিশোরীর মৃত্যুর পর আগে দায়ের করা মামলাটি এজাহারভুক্ত তিন আসামি জাকির হোসেন, তাঁর স্ত্রী সোনিয়া আক্তার ও মোস্তফা মিয়াবর্তমানে কারাগারে আছেন।
নিহতের পরিচয়: আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় আফরিনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মনে করে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। তবে বাড়িতে ফেরার পরও তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। অবশেষে ৪৯ দিন পর শুক্রবার বিকেলে মৃত্যুর কাছে হার মানে শিশুটি।
নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমিজমা নিয়ে বিরোধের পাশাপাশি একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করেও তাঁর ভাই জাকির ও ভাবি সোনিয়ার সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ তৈরি হয়। এসব বিরোধের জের ধরেই তাঁর মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও বাঁচানো গেল না আফরিনকে। তার মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।