ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের মধ্যে হামলার শিকার হয়ে রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার নুরালাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মীদের বরাতে জানা গেছে, রাত ৮টার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে পুকুরিয়া থেকে হামিরদী বাসস্ট্যান্ড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সেখান থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এর কিছুক্ষণ পরই রাজু মোল্লার ওপর হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছিল বলে জানান স্টেশনটির ফায়ার ফাইটার মাহমুদুল হাসান। এ ঘটনায় হতাহতের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না বলেও জানান তিনি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।