নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সরাসরি কেউ না পুড়লেও মারাত্মক বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে ৬৩ জন শিক্ষার্থী। তাদেরকে তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, যার মধ্যে ১ জন বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্বিতীয় তলার প্রায় চার হাজার বর্গফুট আয়তনের লাইব্রেরি ও অফিসকক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি হওয়া ৬৩ জন শিক্ষার্থীর কারও শরীরে বাহ্যিক পোড়ার চিহ্ন নেই। তবে বদ্ধ ঘরে ধোঁয়ার কারণে প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে আছেন। বাকিদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাদের সমস্যা সামান্য, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে অসুস্থ শিক্ষার্থীদের স্বজনদের ভিড় দেখা গেছে। প্রিয়জনদের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কায় প্রহর গুনছেন তারা। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত চলছে।