বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. স্বাধীন (১৯) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া ঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন বন্দরের নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার রাজ অ্যাপারেলস গার্মেন্টসে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম বাদল মিয়া, মায়ের নাম শাহীদা আক্তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন কর্মস্থলে না গিয়ে ছোট ভাই শাহিদকে (৯) সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নামেন স্বাধীন। সাঁতার সীমিত জানা থাকায় একপর্যায়ে স্রোতে তলিয়ে যান তিনি। এ সময় শাহিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর বিকেল সাড়ে ৪টার দিকে নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানতেন। গোসলের সময় নদীর স্রোতে পড়ে তিনি তলিয়ে যান বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।