সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদীপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে পুরনো ব্রহ্মপুত্র নদ। নদের ওপর কোনো সেতু না থাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় পানিতে তলিয়ে গেলে ডিঙি নৌকাই হয়ে ওঠে স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা।
প্রতিশ্রুতির চার দশক পার হলেও স্থায়ী কোনো সেতু নির্মিত না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদের ওপর দিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও নানা পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড়ে সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট, গুলনগর ও নানাকি এবং পূর্ব পাড়ে সনমান্দী ইউনিয়নের কুমারচর, মুছারচর, দৌলরদী, জোয়ারদী, বাগবাড়ী, ফতেহপুরসহ প্রায় ১০-১২টি গ্রাম অবস্থিত। নদের পঞ্চমীঘাট বাজারসংলগ্ন স্থানে কোনো সেতু না থাকায় দুই পাড়ের বিশাল এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হচ্ছে।
শুকনো মৌসুমে এলাকাবাসী নিজেদের উদ্যোগে চাঁদা তুলে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু বর্ষা মৌসুম এলেই নদের পানি বৃদ্ধি পেয়ে সাঁকোটি সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায়। তখন আর নৌকার বিকল্প থাকে না।
সম্প্রতি পঞ্চমীঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, বর্ষার পানিতে বাঁশের সাঁকোটি তলিয়ে রয়েছে। ঘাটে আটকে থাকা একটি মাত্র ছোট ডিঙি নৌকায় গাদাগাদি করে পার হচ্ছেন নারী, শিশু ও পোশাক কারখানার শ্রমিকেরা। নদ দিয়ে প্রতিনিয়ত বালুবাহী বলগেটসহ বড় পণ্যবাহী নৌযান চলাচল করায় প্রায়ই ছোট নৌকা উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হন পথচারী ও শিক্ষার্থীরা।
কুমারচর গ্রামের বাসিন্দা আবদুল হক আক্ষেপ করে বলেন, বাজারের মালামাল ও কৃষিপণ্য পারাপার করতে আমাদের দ্বিগুণ সময় ও খরচ হয়। বিশেষ করে রাতে কোনো মুমূর্ষু রোগী কিংবা অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিতে গেলে বিপদের শেষ থাকে না। বহু বছর ধরে কত প্রতিনিধি এলেন-গেলেন কিন্তু আমাদের এই নদীর ওপর একটা সেতু হলো না।
স্থানীয়দের মতে, এখানে একটি সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না বরং স্বাস্থ্যসেবা, কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।
সাঁকো ডুবে গেলে বিকল্প পথ না থাকায় নৌকাই আমাদের একমাত্র গতি। গত চার দশক ধরে কত জনপ্রতিনিধি সেতু বানানোর আশ্বাস দিলেন, কিন্তু বাস্তবে কিছুই হলো না।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, স্থানীয় মানুষের এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
ইউএনও বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের (লিখিত প্রস্তাবনা) পরিপ্রেক্ষিতে ব্রহ্মপুত্র নদের পঞ্চমীঘাট পয়েন্টে ৯৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। আশা করছি খুব শিগগিরই সোনারগাঁবাসীকে আমরা এ বিষয়ে একটি সুখবর দিতে পারব।