নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি (চট্রগ্রাম): বাংলাদেশ জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতের রাজনৈতিক আচরণে মুনাফিকির প্রতিফলন দেখা গেছে। তারা একদিকে সরকারকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে ১৯৯৬ সালের মতো অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে।
তিনি আরও বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতে বিএনপি সরকার সম্পূর্ণরূপে অঙ্গীকারবদ্ধ।
ইসলামী মূল্যবোধ রক্ষায় হেফাজত আমিরের ভূমিকার প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের পূর্বে হেফাজত আমির ইসলামের সঠিক রূপ তুলে ধরেছেন। যারা ধর্মের দোহাই ও লেবাস ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছিল বিশেষ করে জান্নাতের টিকিটের প্রলোভন দেখিয়েছিল আমিরের দূরদর্শী বক্তব্যের মাধ্যমে জনগণ তাদের চক্রান্ত বুঝতে সক্ষম হয়েছে।
জামায়াতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইসলামী রাজনীতির কথা বলে ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানবেন না। মাঠের রাজনৈতিক বক্তব্যে জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করুন। সাক্ষাৎকালে হেফাজত আমিরও বর্তমান রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্য বজায় রাখা এবং সরকারকে সহযোগিতার ওপর জোর দিয়েছেন বলে জানান রাশেদ খাঁন।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব এবং স্থানীয় বিএনপি, কৃষক দল ও যুবদলের নেতৃবৃন্দ অন্যতম।