প্রতিনিধি মক্কা: সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরাম ও ইমাম-খতীবদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘সম্মিলিত ইমাম খতীব পরিষদ বাংলাদেশ’-এর সৌদি আরব শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় মক্কাতুল মোকাররমার রুসাইফায় সংগঠনটির শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাফেজ মাওলানা ক্বারি হাবিবুল্লাহ মাক্কীকে আহ্বায়ক, মাওলানা আরিফ রব্বানীকে যুগ্ম-আহ্বায়ক এবং হাফেজ মাওলানা এনাম উদ্দিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি এবিএম শরীফ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ ইলিয়াস লাহরী। এ ছাড়াও মক্কা নগরীর বিভিন্ন প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরাম ও ব্যবসায়ীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি এবিএম শরীফ উল্লাহ বলেন, সম্মিলিত ইমাম খতীব পরিষদ বাংলাদেশ দেশের ইমাম-খতীব, উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান-আকিদা, ইসলামী তাহজিব-তামাদ্দুন ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, উলামায়ে কেরামের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দ্বীনি স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিত ভূমিকা রাখার জন্য সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। সৌদি আরব শাখার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি উলামায়ে কেরাম ও ইমাম-খতীবদের ঐক্যবদ্ধ করে এই কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং প্রবাসী উলামায়ে কেরামের কল্যাণ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।