আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজ্যের শম্ভুপুরা গ্রামের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত দ্রুতগতির ক্রুজার গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে শম্ভুপুরা গ্রামের কাছে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে দুমড়েমুচড়ে যায় ক্রুজার গাড়িটি এবং ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিটি এসপি তেজস্বিনী গৌতমসহ পুলিশ ও উদ্ধারকর্মীরা। তারা গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন এবং আহত ছয়জনকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি বিশেষ চিকিৎসক দল নিয়োজিত রাখা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন।
একই পরিবারের নয়জনের মৃত্যুকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, “তারা সবাই খাতু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন এবং একই পরিবারের সদস্য ছিলেন। এখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো আহত ব্যক্তিরা যেন যথাযথ চিকিৎসা পান এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।