আন্তর্জাতিক ডেস্ক: ২০২৭ সালের পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
আর রমজান ২৯ দিন পূর্ণ হলে ৯ মার্চ (মঙ্গলবার) এবং ৩০ দিন হলে ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। খবর গালফ নিউজের।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতেই মসজিদগুলোতে আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা। তবে চাঁদের দৃশ্যমানতা ও সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর রমজান শুরুর প্রকৃত তারিখ নির্ভর করবে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে হিসাবে ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের তারিখ চূড়ান্ত হবে।
ইসলামি হিজরি বর্ষপঞ্জি মূলত চন্দ্রনির্ভর। এ কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। ফলে ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে চাঁদ দেখার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবও বিভিন্ন সময়ে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতে মূল্যায়ন প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে চাঁদের অবস্থান, দৃশ্যমানতা এবং সূর্যাস্তের সময়ের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
উল্লেখ্য, পবিত্র রমজান ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল শুরু করেন। মুসলমানরা এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, তারাবি, দান-সদকা ও বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া এসব তারিখ সম্ভাব্য হিসাবমাত্র। বাংলাদেশসহ বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে।