আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশটির হুথি গোষ্ঠীর বরাতে এ তথ্য জানা গেছে। শুক্রবার (২০ নভেম্বর) লোহিত সাগর উপকূলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে এই ‘বিশেষ অভিযান’ চালায় জোট বাহিনী।
সংবাদমাধ্যম মিডল ইস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে অস্ত্র পরিবহন ও চোরাচালান কার্যক্রম গুঁড়িয়ে দিতেই মূলত এই হামলা চালানো হয়। হুদাইদাহ ছাড়াও রাজধানী সানা, সা’দা এবং তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে জোট।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেন, “হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত সক্ষমতা ধ্বংস করতে এই অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও জানান, রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সামরিক সরবরাহ ডিপোতেও নিখুঁত হামলা চালানো হয়েছে। এদিকে, হামলার পর মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের চিত্র সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
হুদাইদাহ বন্দরে হামলা হলে জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের সৌদি বন্দরগুলোতে পালটা আঘাত হানার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এ ছাড়া রাজধানী রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল তারা।
এর মধ্যেই সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি অপর এক পোস্টে জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিহত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় এসে পড়েছে বলে জানান তিনি।