মুহাম্মদ আল আমিন (এমএ) : বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুফতি তাকী উসমানী আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসতে পারেন। দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও বিভিন্ন কওমি মাদ্রাসার উদ্যোগে তাঁকে এ দেশে আনার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সফরে দেশের আলেম-ওলামা ও তালিবে ইলমরা তাঁর সান্নিধ্য লাভ করবেন। পাশাপাশি দারসে বুখারি ও হাদিসের মুসালসালাত পাঠের বিশেষ সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে অহেতুক আবেগপ্রবণ না হয়ে পড়াশোনায় মনোযোগী থাকার এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য এই সফরে তিনি জামেআ হাকীমুল উম্মত, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মীরহাজীরবাগ (ফরিদাবাদ মাদরাসা), জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী এবং বায়তুল মোকাররাম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠানে অংশ নিতে পারেন। সব মিলিয়ে তাঁর প্রায় সাত দিনব্যাপী এ সফরটি হওয়ার কথা রয়েছে।
আলেমরা জানান, ২০০৮ সালের পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর বাংলাদেশ সফর বারবার বাধাগ্রস্ত হয়। তবে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে আলেমসমাজ আশা প্রকাশ করছেন যে, এবার কোনো বাধা ছাড়াই তাঁর এই সফর সফল হবে।
এদিকে সফরের প্রস্তুতি ও সূচি নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এলে তা বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।