আর্ন্তজাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বিতর্ক ও পরস্পরবিরোধী দাবি তৈরি হয়েছে।
দক্ষিণের একটি নিষিদ্ধ এলাকা দিয়ে যাওয়ার সময় ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি জানায়, দক্ষিণ দিকের পথটি বিপজ্জনক হওয়া সত্ত্বেও তা ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে এবং আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে তারা আরও দাবি করে, বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এর সার্বিক নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে।
তবে ইরানের এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানায়, মাইন হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, গত মাসেই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি অচল হয়ে গিয়েছিল। সম্প্রতি ওমান উপকূলের কাছে নোঙর করে থাকা অবস্থায় জাহাজটিতে পুনরায় ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে, বাণিজ্য জাহাজে আতঙ্ক ছড়িয়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করার উদ্দেশ্যেই আইআরজিসি এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে।
এদিকে ভারত সরকার জানিয়েছে, আক্রান্ত জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও ১ জন এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমানে একটি আঞ্চলিক দেশের সহায়তায় ক্ষতিগ্রস্ত জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।