বিশেষ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপজেলা পর্যায়ের প্রতিনিধি তথা মডেল কেয়ারটেকারদের পেশাগত অধিকার আদায় ও সাংগঠনিক শক্তি জোরদার করার লক্ষ্যে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মাওলানা হেলাল উদ্দিনকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকার স্কাইভিউ হেনলাক্স সেন্টারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির কার্যক্রম সুনির্দিষ্ট ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পরিচালনার লক্ষ্যে সভায় একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। গঠনতন্ত্রটি পাঠ করেন ড. মাওলানা আনিসুর রহমান জাফরী। পরে উপস্থিত সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন শেষে সর্বসম্মতিক্রমে খসড়াটি অনুমোদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গঠনতন্ত্রে স্বাক্ষর করেন।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা হেলাল উদ্দিন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ড. মাওলানা আনিছুর রহমান জাফরী, মাওলানা মো. জাকির হোসাইন ফরিদী, মাওলানা মুহা. কবির আহমেদ মাসরুর, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা মো. খালেকুজ্জামান তারা, মাওলানা মো. মফিজ উদ্দিন ও মাওলানা মো. মুবাশ্বীর হোসাইনকে।
মো. মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মো. মিরাজুল ইসলাম, মাওলানা মুহা. মুহশিনুদ্দীন মাহফুজ ও মাওলানা গাজী সাইফুল ইসলাম।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত ও গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসের মধ্যে বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সমন্বয়ক কমিটি গঠন করা হবে। এরপর ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন এবং রাজধানী ঢাকায় বড় পরিসরে প্রতিনিধি সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ২১ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলীতে বিভাগীয় প্রতিনিধি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, মাওলানা কবির আহমেদ মাসরুর ও মাওলানা মুবাশ্বীর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
বিভিন্ন বিভাগ থেকে আগত প্রতিনিধিদের থাকা ও খাওয়ার ব্যবস্থাপনার জন্যও দায়িত্ব বণ্টন করা হয়েছে। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের প্রতিনিধিদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন মাওলানা মুবাশ্বীর হোসাইন। অন্যদিকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের দায়িত্বে থাকবেন মাওলানা রিয়াজ উদ্দিন ও মুজিবুর রহমান।
জরুরি এ মতবিনিময় সভায় ঢাকা বিভাগের বিভিন্ন থানা ও জোনের মডেল কেয়ারটেকার প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজ উদ্দিন, ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, মাওলানা মুহা. কবির আহমেদ মাসরুর, মাওলানা মুহা. মুহশিনুদ্দীন মাহফুজ, মাওলানা গাজী সাইফুল ইসলাম, মাওলানা মো. খালেকুজ্জামান তারা, মাওলানা মো. জাকির হোসাইন ফরিদী, মাওলানা মো. মফিজ উদ্দিন, মাওলানা মো. মিরাজুল ইসলাম ও মাওলানা মো. মুবাশ্বীর হোসাইনসহ অন্যরা।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে মডেল কেয়ারটেকারদের ন্যায্য অধিকার আদায়, পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠা এবং সংগঠনকে দেশব্যাপী সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।