নিজস্ব প্রতিবেদক: প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা। আয়োজন শেষে মেধা তালিকায় স্থান পাওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের রচনায় প্লাস্টিক দূষণের বর্তমান রূপ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল, বিকল্প সামগ্রীর ব্যবহার এবং টেকসই পরিবেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সংবলিত সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে মাটি, জলাশয় ও সার্বিক জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আনুষ্ঠানিক আলোচনা কিংবা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে প্লাস্টিক বর্জন, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং বৃক্ষরোপণের মতো পদক্ষেপে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত দায়বদ্ধতা তৈরি করা এখন সময়ের দাবি।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।