সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ওয়াসীকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওয়াসীকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আবদুল হালিম মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখাল হিসেবে কাজ করছিলেন।
ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীর মা নেই এবং তার বাবা সংসারের প্রতি অমনোযোগী। অসুস্থ দাদা ও গৃহপরিচারিকা দাদির সঙ্গেই সে বড় হচ্ছিল। ভিকটিমের দাদি অভিযোগ করে বলেন, মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। আসামি দীর্ঘ ৬ বছর ধরে এই খামারে কাজ করছিল, সে যে এমন জঘন্য কাজ করবে তা বুঝতে পারিনি।
ভিকটিম কিশোরী জানায়, বাজারে আসা-যাওয়ার পথে নানা প্রলোভন ও নগদ টাকার লালস দেখিয়ে অভিযুক্ত ওয়াসীকার তাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালিয়ে আসছিল। সবশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে খামারের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দীন জানান, স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সমোপণ করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এ ঘটনায় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।