বিশেষ সংবাদদাতা, সরকারি রাজস্ব খাতের বরাদ্দের ওপর নির্ভর না করেই ইসলামিক ফাউন্ডেশনকে একটি স্বাবলম্বী ও সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নর মুফতি আজহারুল ইসলাম।
গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে সারা দেশের ৬৪ জেলা থেকে আগত পরিচালক ও উপপরিচালকেরা অংশ নেন। কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার মানোন্নয়নই ছিল এর প্রধান লক্ষ্য।
মুফতি আজহারুল ইসলাম বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি অনুদানের মুখাপেক্ষী না থেকে কার্যকর সম্পদ ব্যবস্থাপনা এবং নতুন নতুন আয়বর্ধক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নিজস্ব অর্থনৈতিক সক্ষমতায় পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে জেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা ও সমন্বিত উদ্যোগের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

দুই দিনের এই কর্মশালায় প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, আয়বর্ধক প্রকল্প গ্রহণ এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি ও সামাজিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ৬৪ জেলার পরিচালক ও উপপরিচালকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মকর্তারা নিজ নিজ জেলায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবেন।