নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আজ রবিবার সকাল থেকে মাথায় ত্রাণের বস্তা নিয়ে বন্যাকবলিত দুর্গম এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ছুটে চলছেন তিনি। সরেজমিনে ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন যুবদলের এই শীর্ষ নেতা।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি, ইলিসা, বাহারছড়া এবং সাতকানিয়ার এঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান সাম্যের ভিত্তিতে ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই মানবিক জায়গা থেকেই আমার চট্টগ্রামে আসা এবং এটি আমার দায়িত্বের মধ্যেও পড়ে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই উদ্যোগের ফলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বন্যাকবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরও বেশি উৎসাহ পাবেন।
তিনি আরও জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত তাদের দুর্ভোগ লাঘবে যুবদলের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে