আন্তর্জাতিক ডেস্ক: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের প্রশ্নে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির কঠোর সমালোচনা করেছেন তিনি। তাঁর অভিযোগ, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে পশ্চিমা দেশগুলো নীরব থাকলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেছে।
বুধবার (৪ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রধান সাঈদ খাতিবজাদেহ বলেন, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার উপেক্ষা করে কেবল ইরানের ওপর আন্তর্জাতিক পরিদর্শন ও নজরদারি চালানো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) কার্যকারিতার জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, যৌক্তিক, নৈতিক ও আইনগত কোনো মানদণ্ডেই ইসরায়েলের গণবিধ্বংসী অস্ত্রের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি নেই। অথচ পশ্চিমা সরকারগুলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ প্রকাশ্যে স্বীকার করতেও অনীহা দেখায়।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে খাতিবজাদেহ বলেন, প্রেসিডেন্ট একটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে এই বৈপরীত্য তুলে ধরেছেন। তাঁর ভাষায়, ‘পারমাণবিক বোমা রয়েছে ইসরায়েলের হাতে, অথচ পরিদর্শকরা এসেছেন ইরানে।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পরমাণু নীতিতে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী অবস্থান স্পষ্ট। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য হওয়া সত্ত্বেও দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে নিয়মিত পরিদর্শন ও চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে, এনপিটিতে কখনোই যোগ না দেওয়া ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আন্তর্জাতিক মহল কার্যত নীরব।
তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনগত অধিকার থাকা সত্ত্বেও দেশটির ওপর নানা বিধিনিষেধ ও শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হচ্ছে। বিপরীতে, আন্তর্জাতিক কোনো পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় না থাকা ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সমর্থন পেয়ে আসছে।
খাতিবজাদেহ বলেন, ইরান যখন নিজের প্রতিরক্ষায় অবস্থান নেয়, তখন তা শুধু জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়; বরং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখার জন্যও। যারা নিজেদের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে, ইরানের অবস্থান মূলত তাদের বিরুদ্ধেই।
তিনি এ প্রসঙ্গে ইসরায়েল ও দেশটির অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সমালোচনা করেন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আবারও দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক এবং ইরান-ইসরায়েল উত্তেজনার বিষয়টি সামনে এসেছে। তেহরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।