আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলালেও তেহরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় মেরুকরণ বা ক্ষমতার পালাবদল ঘটলেও তা ইরানি জনগণের প্রতি দেশটির দীর্ঘদিনের বৈরী মনোভাব দূর করতে পারবে না।
বার্তায় মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করে খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র মূলত তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন এক পতনের মুখে রয়েছে যেখান থেকে তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতি এই পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে।
বিশ্লেষকদের একাংশ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন এবং একে ট্রাম্পের নীতির প্রতি জনঅসন্তোষ হিসেবে তুলে ধরছেন। তবে তেহরানের শীর্ষ নেতৃত্ব এই অভ্যন্তরীণ পরিবর্তনের মাঝেও নিজেদের কৌশলগত অবস্থান পরিবর্তন করছে না।
খামেনির এই বক্তব্যের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে গেছে যে, ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে যতই পালাবদল ঘটুক না কেন, মার্কিন নীতিতে বৈরী মনোভাবের অবসান ঘটবেন এমন কোনো আশা ইরানের নেই। ফলে পরমাণু ইস্যু ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার বরফ সহসা গলছে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।