আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ডে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান। এসব বিলবোর্ডে ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক ও হুমকিমূলক বার্তা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ততম ইনকিলাব চত্বরে স্থাপন করা একটি বিশাল বিলবোর্ড নজর কাড়ে পথচারীদের। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।
তেহরানের কেন্দ্রস্থলে স্থাপন করা আরেকটি বড় বিলবোর্ডেও উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বার্তা। সেখানে জ্বলেপুড়ে যাওয়া পোশাক ও ক্ষতবিক্ষত চেহারায় পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তাঁদের পেছনে জ্বলন্ত অবস্থায় দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাতীয় পতাকা।
এ ছাড়া অন্য একটি বিলবোর্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখচ্ছবির ওপর লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এসব চিত্র ও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব বিলবোর্ড ঠিক কবে স্থাপন করা হয়েছে এবং কারা এর নেপথ্যে রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী নানা স্লোগান, পোস্টার ও বিশালাকৃতির বিলবোর্ড দেখা যাচ্ছে। এসব প্রচারণায় সামরিক প্রতিরোধের বার্তার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ব্যঙ্গাত্মক চিত্রও ব্যবহার করা হচ্ছে।